
|
কানাইঘাট-জকিগঞ্জকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: মুফতি আবুল হাসান
প্রকাশ:
০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৭ সকাল
নিউজ ডেস্ক |
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী শায়খুল হাদীস মুফতি আবুল হাসানের সমর্থনে সোমবার (২ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর মাছুম বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ এই পথসভায় অংশ নেন। এ সময় প্রধান অতিথি হিসেবে দেওয়াল ঘড়ির প্রার্থী মুফতি আবুল হাসান তাঁর বক্তব্যে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সংসদীয় এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, ‘কানাইঘাট-জকিগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হামলা, মামলা বা জুলুম করার সংস্কৃতি চিরতরে বন্ধ করা হবে। যে দলই করেন না কেন, যৌক্তিক দাবি এবং সমালোচনাকে সর্বোচ্চ সম্মান জানানো হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।’ সরকারি বরাদ্দ বিতরণে দলীয় ভেদাভেদ দূর করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘বিরোধী মতের ভোটার এলাকা হলেও সেখানে উন্নয়নের হক সবার আগে পূরণ করা হবে। ওলামায়ে কেরাম ও সুশীল সমাজের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সোচ্চার থাকব। সবাইকে সাথে নিয়ে তিনি এই দুই উপজেলাকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব।’ তিনি আরও বলেন, ‘উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়ায় কোনো দলীয় প্রভাব বা সিন্ডিকেট থাকবে না। উন্মুক্ত ই-টেন্ডারের মাধ্যমে কাজের মান নিশ্চিত করা হবে এবং কোনো ‘ভাইয়ের’ হস্তক্ষেপ চলবে না। প্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে এবং কেউ ঘুষ চাইলে সরাসরি এমপি অফিসে অভিযোগ করার ব্যবস্থা রাখা হবে।’ এ দিনের বিশাল সমাবেশে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মুফতি আবুল হাসানের সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়। এনএইচ/ |