এক আধ্যাত্মিক ও জ্ঞানগর্ভ জিকিরের মজলিসে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন দেশের প্রখ্যাত আলেম ও বুজুর্গ, জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস মাওলানা মুফতি শামসুদ্দীন জিয়া। তিনি বর্তমানে পাকিস্তান সফরে অবস্থান করছেন এবং বিভিন্ন স্থানে ইসলাহি ও তাজকিয়ামূলক মজলিসে অংশ নিচ্ছেন।
মজলিসে বক্তব্যের শুরুতেই তিনি আত্মসংশোধনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মুসলমানদের মাঝে প্রচলিত কয়েকটি অবহেলার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে অনেক মানুষ সাক্ষাতের সময় কোলাকুলি ও মুসাফাহার প্রতি যত্নবান হলেও ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত ‘সালাম’ প্রদানের বিষয়টি উপেক্ষিত হচ্ছে। অথচ মুসলিমদের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হলো ‘আসসালামু আলাইকুম’ বলা এবং এর যথাযথ জবাব দেওয়া।
তিনি নামাজে ধীরস্থিরতা ও প্রশান্তি বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন। বিশেষ করে রুকুর পর কাওমা এবং দুই সিজদার মাঝখানের জালসা অনেকেই দ্রুত শেষ করে ফেলেন উল্লেখ করে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর নামাজে রুকু, সিজদা, কাওমা ও জালসার মধ্যে সুন্দর ভারসাম্য ও প্রশান্তি ছিল। তাই নামাজের প্রতিটি রুকন যথাযথভাবে আদায় করা জরুরি।
মাদরাসা ও খানকাহ সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, কোনো ওজর বা বিশেষ কারণ না থাকলে যোগ্য ও প্রবীণ আলেমদের নিজেরাই ইমামতির দায়িত্ব পালন করা উচিত। হাদিসে অধিক তাকওয়াবান ও কোরআন তিলাওয়াতে পারদর্শী ব্যক্তিকে ইমামতির অধিক হকদার হিসেবে উল্লেখ করা হয়েছে।
বয়ানের একপর্যায়ে তিনি হজ ও হাজিদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, হজ থেকে ফিরে আসা হাজিদের সঙ্গে সাক্ষাৎ করে মুসাফাহা করা এবং তাদের কাছে দোয়া চাওয়া হাদিস দ্বারা উৎসাহিত করা হয়েছে। হাজি আল্লাহর ঘর থেকে ফিরে আসেন বিশেষ আধ্যাত্মিক অবস্থায়, তাই তাদের দোয়ার মধ্যে বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।
এ প্রসঙ্গে তিনি রাসূলুল্লাহ (সা.)-এর সেই দোয়ার কথা উল্লেখ করেন, যেখানে হাজি এবং যাদের জন্য হাজি ক্ষমা প্রার্থনা করবেন তাদের জন্যও মাগফেরাত কামনা করা হয়েছে। তিনি বলেন, একজন হাজির দায়িত্ব শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও দোয়া ও ইস্তিগফার করা।
বয়ানের শেষাংশে তিনি হাজিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ একটি নসিহত করেন। তিনি বলেন, হজের প্রকৃত প্রভাব তখনই বজায় থাকে, যখন একজন হাজি গুনাহ থেকে নিজেকে রক্ষা করেন এবং হজের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করেন। হজ-পরবর্তী জীবনই একজন মানুষের পরিবর্তনের প্রকৃত পরীক্ষা।
জেডএম/
